ইজতেমার মাঠে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল, বয়ান শুরু সন্ধ্যায়। রাতে হালকা বৃষ্টির পর আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার। নেই শীত। এমন পরিবেশে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সংখ্যাও হু হু করে বাড়ছে। ধীরে ধীরে ভরে উঠছে ইজতেমার মাঠ।
আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় যোগ দিতে গত মঙ্গলবার থেকেই আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। তবে আজ সকাল থেকে মুসল্লিদের ভিড় দেখা গেছে সবচেয়ে বেশি। বেশিরভাগ মুসল্লি চলে আসায় আজ সন্ধ্যার পর থেকেই বয়ান শুরুর কথা জানিয়েছেন ইজতেমা আয়োজকেরা।
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
আরও পড়ুনঃ জামায়াতের শোডাউন ঢাকায়
ইজতেমা মাঠে প্রবেশের জন্য আটটি সড়ক ও পাঁচটি ভাসমান সেতু (পন্টুন) রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিতে তুরাগতীরে আসছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ পিকআপ ভ্যানে চড়ে এসেছেন ইজতেমা মাঠে। সবার হাতেই একাধিক ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র। ভিন্ন ভিন্ন ফটক দিয়ে মাঠে ঢুকে নিজ নিজ খিত্তায় (নির্ধারিত জায়গা) অবস্থান নিচ্ছেন মুসল্লিরা।
আপনার মতামত লিখুন :