ভারতের দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়া এবং এর ফলে মুসলিম সম্প্রদায়ের ভোটাধিকার নিয়ে তৈরি হওয়া আশঙ্কায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান। আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমের বরাত দিয়ে তারা উল্লেখ করেন যে, এই প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিমদের হার অত্যন্ত উদ্বেগজনক এবং পশ্চিমবঙ্গের মতো অঞ্চলেও বড় একটি অংশের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে।
নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন যে, বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথিপত্র থাকার পরেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। শুধু নাম বাদ দেওয়াই নয়, বরং তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আটক করা হচ্ছে এবং বাংলাদেশে পুশ-ইন করার ঘটনাও ঘটছে। ছাত্রশিবিরের মতে, এ ধরনের একতরফা ও বৈষম্যমূলক কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
ভারতের প্রচলিত সংবিধান ও নির্বাচনী আইনের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম কাটার ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া দেশটির সংবিধানের ১৪ ও ১৫ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্মের ভিত্তিতে বৈষম্য পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ফলে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে নাগরিকদের ভোটাধিকার খর্ব করা ভারতের নিজেদের সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির চরম পরিপন্থী বলে মনে করে সংগঠনটি।
ছাত্রশিবিরের নেতারা মনে করেন, ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ দেওয়ার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনের মতো পদক্ষেপগুলোর একটি ধারাবাহিকতা মাত্র। তাই অবিলম্বে এই বৈষম্যমূলক কার্যক্রম বন্ধ করে বৈধ ভোটারদের নাম তালিকায় পুনর্বহাল করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মৌলিক অধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :