আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। তারা দু’জনই শ্রীপুর থানায় কর্মরত। অপরদিকে আটক ডাকাতদলের সদস্য হলেন- শরিয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া (২৭)।
শ্রীপুর থানার এসআই এনায়েত কবির বলেন, এএসআই আলিমের নেতৃত্বে মাওনা ইউনিয়ন এলাকার সড়কে টহল ডিউটিতে ছিলেন ৪ পুলিশ সদস্য। রাত আনুমানিক ৩টার দিকে পুলিশের টহলদল হাসিখালী ব্রিজের কাছে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তারা রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে গুরুতর জখম করে।
পুলিশের অন্য সদস্যরা টহল গাড়ি নিয়ে ধাওয়া দিলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারাহ বিনতে ফারুক বলেন, আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. সাখাওয়াত হোসেন বলেন, ডিউটি চলাকালে পুলিশের ওপর ডাকাতদলের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহত অবস্থায় দু’জন পুলিশ সদস্য এবং দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে আহত ডাকাত দলের এক সদস্যকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।



আপনার মতামত লিখুন :