বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ বাড়ছে। রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না-করা নিয়ে কিছুটা উভয়সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে।
বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তাঁরা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি না, সে প্রশ্নের সুরাহা চান। ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে।
আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না।’
গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এই ক্ষেত্রে বিএনপি একটা বাধা, রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ‘দ্বিতীয় অভ্যুত্থানের’ হুমকি দিয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ছাত্রনেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করে আসছেন। এরই মধ্যে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ১৫ বছর ধরে শেখ হাসিনার পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাঠে আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির সায় পাচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতেও ছাত্রনেতাদের মতো করে বিএনপি সাড়া দেয়নি। রাষ্ট্রপতি ইস্যুকে কেন্দ্র নতুন কোনো সংকট তৈরি হতে পারে, সে আশঙ্কায় দলটি ওই পথে হাঁটেনি বলে বিএনপি সূত্রে জানা যায়।

এখন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থানের কথা জানার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। গতকাল মঙ্গলবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সারজিস লেখেন-‘গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে।’
একই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।’ তিনি আরও লেখেন, ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো বক্তব্য দিতে পারে না।’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা ও বিএনপির বর্তমান কার্যক্রমের মধ্যে ঘাটতি রয়েছে বলে যদি মানুষ মনে করে, তা মনে করতেই পারে। আমরা চাই, বিএনপির ফ্যাসিবাদবিরোধী যে আপসহীন মনোভাব ছিল, সেই মনোভাবটাই তারা অব্যাহত রাখবে।’
আরও পড়ুন:এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন শিক্ষার্থী রোজা
অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দিতে চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতও একই। বিএনপি সংস্কার চায় না, এ কথা সরাসরি বলছে না। তবে দলটি এখনই নির্বাচনের রোডম্যাপ বা দিন-তারিখ চায়। অতি জরুরি সংস্কার সেরে দ্রুত নির্বাচন চায়।
গত রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচনের বিষয়ে বলেন, ‘নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে, সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে।’
অন্তর্বর্তী সরকার-সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিয়েছে। ছাত্র-জনতার চাওয়াও সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান। ফলে বিএনপির চাওয়া যা-ই হোক, নির্বাচন ও সংবিধান সংক্রান্ত নির্দিষ্ট কিছু সংস্কার শেষ করেই নির্বাচনে যেতে চায় সরকার। এখন পর্যন্ত এটাই সরকারের মনোভাব।
আপনার মতামত লিখুন :